কটিয়াদীতে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৭:২৬ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে হামিম (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের হুমায়ুনের ছেলে এবং সপরিবারে খাদ্য গুদাম সংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হামিম তার কয়েকজন বন্ধুর সঙ্গে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সব বন্ধু পানি থেকে উঠে এলেও হামিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে বন্ধুরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানায়। খবর পেয়ে আনসার সদস্যরা দ্রুত পুকুরে নেমে তল্লাশি শুরু করেন।

আনসার সদস্যরা পুকুর থেকে হামিমকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

দুর্ঘটনার খবর পেয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, এই পুকুরটিতে এর আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৬ জুলাই ইমন মিয়া নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এই পুকুরেই নিখোঁজ হয় এবং একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। বারবার একই স্থানে এমন দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জেএইচআর