কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা জারি

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:৫১ পিএম

কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে।

শনিবার সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি কঠোর গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি (বর্ডার আউটপোস্ট) থেকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রমও জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনের গতিবিধির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। যেকোনো অপরাধমূলক তৎপরতা দমনে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

জেএইচআর