নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

বালক ফুটবলে চ্যাম্পিয়ন মাদারীপুর পৌরসভা

মোঃ মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:০৪ পিএম

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতার আকর্ষণীয় ইভেন্ট বালক ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাদারীপুর পৌরসভা বালক ফুটবল দল।

রোববার বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী জাহান বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা এই প্রতিভারা আগামী দিনে জাতীয় পর্যায়ে মাদারীপুরের নাম উজ্জ্বল করবে।

তিনি জেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক মোসাঃ জেসমিন আক্তার বানু (উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জুয়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ওয়াদিয়া শাবাব এবং জেলা ক্রীড়া অফিসার আনিসুর রহমান।

পৌরসভা ফুটবল দলের এই বিজয়ে মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা ও পুরস্কার বিতরণ উপভোগ করেন।

পুরস্কার প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে এবারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর।

এম জি