লামায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:৩৫ এএম

বান্দরবানের লামা উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি এ বিদ্যালয় পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন। এসময় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এসময় লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন, লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার আশ্বাস দেন।

এএন