ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। ঈদুল আজহাকে সামনে রেখে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রণালয় সব ধরনের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, বিগত ১৮ বছরে শরীয়তপুর অঞ্চলে উন্নয়নের নামে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। তবে শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শরীয়তপুরের ওপর দিয়ে রেললাইন থাকলেও সেখানে কোনো স্টেশন নেই, সেখানে স্টেশন নির্মাণ করা হবে।
সড়কমন্ত্রী অভিযোগ করে বলেন, মেগা প্রকল্পের নামে সারাদেশে লুটপাট করা হয়েছে। অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে কাজ হয়নি, ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার স্বল্প সময়েই অগ্রাধিকার ভিত্তিতে অনেক কাজ এগিয়ে নিচ্ছে।
তিনি জেলা প্রশাসনকে উদ্দেশ করে বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে হবে না, নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। সরকারও এ বিষয়ে নজরদারি করবে এবং জবাবদিহিমূলক ও টেকসই শাসন ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বহু আগেই তৃণমূল পর্যায়ের নেতাদের সংগঠিত করেছেন, যার ফলে দেশজুড়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার জনগণের সেবায় দায়িত্ব পালন করছে।
এম জি