রাজবাড়ীতে প্রতিদিনের মতো জাতীয় পতাকা নামাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে অফিস ছুটির কিছুক্ষণ আগে মনিরা খাতুন ভবনের ছাদে জাতীয় পতাকা নামাতে যান। এসময় পতাকার স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত স্টিলের পাইপটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসে। মুহূর্তেই পুরো পাইপ বিদ্যুতায়িত হয়ে মনিরার শরীরে আগুন ধরে যায়। সে সময় অফিসে অন্য কেউ না থাকায় তাঁকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে শরীরের অনেকটা অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
আগুনে দগ্ধ হওয়ার বিষয়টি পথচারীরা টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানিয়েছেন, মনিরা খাতুন বর্তমানে ঢাকা মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থা এখনো যথেষ্ট সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ঘটনায় অফিসের অন্য সহকর্মী ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর