রংপুরের কাউনিয়ায় স্থানীয় জনগণের সমস্যা শোনা ও এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই ব্যতিক্রমী ‘ত্রৈমাসিক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শত শত সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত এলাকাবাসী সরাসরি সংসদ সদস্যের কাছে তাঁদের এলাকার ভাঙাচোরা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং নানা সামাজিক সংকটের কথা তুলে ধরেন। সাধারণ মানুষের প্রতিটি অভিযোগ ও দাবির কথা ধৈর্য সহকারে শোনেন এবং প্রয়োজনীয় নোট নেন এমপি আখতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, তৃণমূলের মানুষের সমস্যাগুলো কোনো মাধ্যম ছাড়াই সরাসরি জানতেই এই ত্রৈমাসিক সভার আয়োজন। আপনাদের প্রতিটি সমস্যার কথা আমি ব্যক্তিগতভাবে নথিভুক্ত করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং জনগণের সেবায় স্থানীয় প্রশাসনকে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক করে তোলা হবে।
সাধারণ মানুষের সরাসরি মত প্রকাশের এমন সুযোগ সৃষ্টি করায় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয়রা মনে করেন, জনপ্রতিনিধি এবং জনগণের মাঝে সরাসরি এমন যোগাযোগ স্থাপন করা গেলে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
জেএইচআর