চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৫:৫২ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের টিকা দেওয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরী হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে।

সোমবার বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী চার বছর পরপর হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় বিপুলসংখ্যক শিশু টিকার আওতার বাইরে থেকে যায়। এর ফলেই দেশে হামের সংক্রমণ বেড়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের সময় সরকারের হাতে পর্যাপ্ত হামের টিকা মজুত ছিল না। তবে জরুরি উদ্যোগের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে এবং দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে আক্রান্ত রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে বলে জানান তিনি।

এদিন সকাল ১০টার দিকে আকস্মিকভাবে বরিশাল সদর হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে প্রবেশের পর প্রথমেই তিনি টিকিট কাউন্টার পরিদর্শন করেন। এসময় দায়িত্বে থাকা এক কর্মীকে অনুপস্থিত দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন। চিকিৎসকদের উপস্থিতি খাতা পরীক্ষা করার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের অভিযোগ ও সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। হাসপাতালে অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফরে হাসপাতালজুড়ে বাড়তি তৎপরতা দেখা যায়। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, হাসপাতাল প্রশাসনের সদস্য এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম জি