"আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন"- এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে নার্সিং কর্মকর্তা ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মরত নার্স এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. আমেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা।
এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মনসুর আলমসহ নার্সিং কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে নার্সরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। দিনরাত পরিশ্রম করে রোগীদের সেবা দিতে গিয়ে অনেক সময় নিরাপত্তা ঝুঁকির মুখেও পড়তে হয় নার্সদের। যা কোনোভাবেই কাম্য নয়। তাই নার্সদের ক্ষমতায়ন ও তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১২ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।
এএন