ফুলের সৌন্দর্যে মনোমুগ্ধকর আবহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:৫৬ পিএম

প্রকৃতির আপন খেয়ালে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মের দাবদাহের মাঝেই প্রকৃতির এক অনন্য উপহার হয়ে আবির্ভূত হয়েছে ‘সোনালী ফুল’ বা সোনালু।

চট্টগ্রামের মীরসরাই উপজেলার গ্রামীণ জনপদ এখন এই হলুদ ফুলের চাদরে ঢেকে গেছে। রুক্ষ প্রকৃতিকে ছাপিয়ে এই ফুলের সোনাঝরা রূপ কেবল চোখ ধাঁধাচ্ছে না, বরং স্থানীয় জনজীবনে এনেছে এক ইতিবাচক স্পন্দন।

উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, বাড়ির আঙিনা, স্কুল-কলেজ প্রাঙ্গণ এবং গ্রামীণ মেঠোপথের ধারে ধারে সোনালু গাছগুলো এখন ঝালরের মতো ঝুলে থাকা হলুদাভ ফুলে সেজে উঠেছে। বাতাসে দোল খাওয়া এই ফুলগুলো দূর থেকে যেন সোনালি ঝর্ণাধারার মতো মনে হয়। স্থানীয়রা জানান, চৈত্রের শেষ দিক থেকে শুরু করে পুরো বৈশাখ মাস জুড়ে এই ফুল তার রূপের ডালি সাজিয়ে বসে।

এই মনোমুগ্ধকর দৃশ্য স্থানীয় মানুষের পাশাপাশি আশপাশের এলাকার প্রকৃতিপ্রেমীদেরও আকর্ষণ করছে। গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখন সোনালু ফুলের এই সোনালি ছোঁয়া এনে দিচ্ছে প্রশান্তি ও স্বস্তি।

তরুণ প্রজন্মের মধ্যে এই ফুলের সৌন্দর্য উপভোগের একটি সংস্কৃতিও গড়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে মীরসরাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরছেন অনেকে, যা এলাকায় ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে।

স্থানীয়রা মনে করেন, সোনালু ফুল এখন মীরসরাইয়ের একটি স্বতন্ত্র প্রাকৃতিক প্রতীকে পরিণত হচ্ছে। এটি স্থানীয় পর্যটন সম্ভাবনাও বাড়াতে পারে বলে মত তাদের।

স্থানীয় স্কুল শিক্ষক আবু জাফর বলেন, রাস্তাঘাট, বাড়ির আঙিনা, স্কুল-কলেজ প্রাঙ্গণ এবং মেঠোপথের ধারে ধারে সোনালু গাছগুলো এখন হলুদ ফুলে সেজে উঠেছে। দূর থেকে এগুলোকে সোনালি ঝর্ণাধারার মতো মনে হয়। আমাদের সোনার বাংলাকে যেন আরও সোনালি রঙে রাঙিয়ে দিয়েছে এই ফুল।

এএন