জ্বালানি মন্ত্রী

দেশীয় সম্পদ ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:২২ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করে দেশীয় সম্পদকে অবহেলা করেছে। তারা পরিকল্পিতভাবে দেশীয় সম্পদের উন্নয়ন না করে বিদেশ থেকে জ্বালানি ও বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করে দেশের সম্পদ নষ্ট করেছে।

মঙ্গলবার সকালে বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন বিএনপি জনগণের সরকার। আমরা নির্বাচিত হওয়ার পর দেশীয় প্রাকৃতিক সম্পদ আহরণ করে তা জনগণের উন্নয়নে কাজে লাগাতে চাই। জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হলেও বিগত সরকার এই খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বর্তমানে আমরা দেশীয় সম্পদকে কাজে লাগাতে বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় মন্ত্রী বড়পুকুরিয়া কয়লাখনি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। সভা শেষে তিনি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনি সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া।

এছাড়া দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হকসহ পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর