স্বাস্থ্যসেবার মান দেখতে এসে চিকিৎসাসেবা নিলেন জামায়াতের এমপি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৫:৪১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ে চলমান একটি সভায় আকস্মিকভাবে উপস্থিত হন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. মু. মিজানুর রহমান।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছিল। সেই সময় হঠাৎ করেই তিনি সভায় প্রবেশ করে আলোচনায় অংশ নেন।

সভায় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি এবং সেবার বর্তমান মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা আরও উন্নত ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন।

এ সময় তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে ও দ্রুত চিকিৎসা পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়। রোগীদের সেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

সভা শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগে গিয়ে নিজেই দাঁতের চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে মতামত নেন।

চিকিৎসা শেষে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের আস্থা অর্জন করতে হলে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে এমপির আকস্মিক উপস্থিতি এবং সাধারণ রোগীর মতো চিকিৎসা গ্রহণের ঘটনায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজন রোগী ও স্বজন জানান, একজন সংসদ সদস্যের এমন সরাসরি উপস্থিতি হাসপাতালের প্রতি মানুষের আস্থা বাড়াবে।

স্থানীয় সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, এমপির এ ধরনের উদ্যোগ হাসপাতালের সেবার মান উন্নয়নে সহায়ক হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ আরও বাড়াবে।

এএন