রংপুরে নদ-নদী রক্ষা ও পাথর শ্রমিকদের জীবনমান নিয়ে বেলার মতবিনিময় সভা

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৭:৫৯ পিএম

রংপুর অঞ্চলের নদ-নদী, খাল-বিল সুরক্ষা এবং পাথর শ্রমিকদের জীবন মানোন্নয়নে ‘আদালতের আদেশ বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক বেনিফিশিয়ারিজ ফিডব্যাক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রংপুর নগরীর আরকে রোডস্থ এনজিও ফোরাম মিলনায়তনে দিনব্যাপী এই সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

সভায় আলোচকগণ রংপুরের ঐতিহ্যবাহী শ্যামসুন্দরী খালের দখল, দূষণ ও প্রবাহ সংকট এবং কুড়িগ্রামের রাজারহাটের চাকিরপশা বিল ও নদীর জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে পাথরভাঙা কার্যক্রমের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর যে ভয়াবহ প্রভাব পড়ছে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সভার শুরুতে বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল একটি ধারণাপত্র উপস্থাপন করেন। এতে পরিবেশ রক্ষায় প্রশাসনিক উদ্যোগের বাস্তবতা এবং বেলার আইনি পদক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন চাকিরপশার নদী রক্ষা কমিটির আহ্বায়ক খন্দকার আরিফ, বেলার নেটওয়ার্ক মেম্বার ও উন্নয়নকর্মী লাইলী ইসলাম, ডপস-এর নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী, পরিবেশ সুরক্ষা ফোরামের সদস্য সচিব সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক এবং সমাজকর্মী কবির মিয়া।

এছাড়াও সভায় রংপুর সদর, রাজারহাট ও পাটগ্রাম উপজেলার ভুক্তভোগী, আন্দোলনকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উন্মুক্ত আলোচনায় নারীনেত্রী লিপিকা ইয়াসমিন, পাথর শ্রমিক রফিকুল ইসলাম ও কানু বালা এবং মৎস্যজীবী তয়জন আলী তাদের সমস্যার কথা তুলে ধরেন।

জেএইচআর