ফেনীর সদর উপজেলার শর্শদিতে নির্মাণাধীন বাড়ির বালুর স্তুপ থেকে রিনা আক্তার (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ইউনিয়নের চোছনা গ্রামের একটি নির্জন নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিনা আক্তারের স্বামী মানিক দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তিনি দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ওই বাড়িতে ঘর নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার বিকেলে রিনা আক্তারকে ঘরে দেখতে না পেয়ে তার সন্তানরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের একটি কক্ষে বালুর নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও সদর সার্কেলের এএসপি নুসরাত তাবাসসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এএন