ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:০৫ পিএম
নিহত কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে দড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশ কাউসার আহমেদ নামে ওই ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করে।

নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।

পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মাসুদুর রহমান জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানাতে থাকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাতের বিভিন্ন সময়ে দেওয়া একাধিক ফেসবুক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়।

এছাড়া আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি শোকবার্তায় তাঁর “রহস্যজনক মৃত্যু”তে শোক প্রকাশ করা হয়েছে।

এএন