টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে অবৈধ মাটি পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মানরা মৌজায় পরিচালিত এই অভিযানে তিনটি ট্রাফি ট্রাক আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মানরা মৌজার বিভিন্ন কৃষিজমি ও স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাকযোগে অন্যত্র নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক হাতেনাতে আটক করে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অবৈধভাবে মাটি কাটার ফলে স্থানীয় রাস্তাঘাট ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে অবৈধ মাটি কাটা ও পরিবহন সম্পূর্ণ বন্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জেএইচআর