মেহেন্দিগঞ্জে ৬৭টি মসজিদ-মাদ্রাসায় জিআর মানবিক সহায়তা

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১১:৪০ এএম

নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৭টি মসজিদ ও মাদ্রাসায় জিআর মানবিক সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইমাম ও মাদ্রাসার মুহতামিমদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, "দুর্যোগকবলিত এলাকার মসজিদ-মাদ্রাসাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এ সহায়তা দেওয়া হচ্ছে। আল্লাহর ঘর ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিকে থাকলেই সমাজ টিকে থাকবে।"

বিশেষ অতিথি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম বলেন, উপজেলার মোট ২৫৬টি মসজিদ-মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৬৭টি প্রতিষ্ঠানকে প্রথম ধাপে সহায়তা দেওয়া হলো। পর্যায়ক্রমে বাকিদেরও সহায়তার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব। সঞ্চালনায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তফিকুর রহমান বিপ্লব। এ সময় স্থানীয় সাংবাদিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এএন