সরকার নির্ধারিত ভাড়ায় কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট চলাচল শুরু

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৫:০৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া নৌরুটে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করার পর সাময়িক বন্ধ থাকা স্পিডবোট চলাচল আবারও শুরু হয়েছে।

বুধবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে এবং যাত্রী স্বার্থ বিবেচনায় এ রুটে চলাচল স্বাভাবিক হয়।

গত সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই রুটে স্পিডবোটের জনপ্রতি ভাড়া ২৬০ টাকা নির্ধারণ করে। তবে এই ভাড়া মানতে নারাজ হয়ে মঙ্গলবার থেকে বোট চলাচল বন্ধ করে দেয় ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স আর কে এন্টারপ্রাইজ ও আদিল এন্টারপ্রাইজ। এতে দুই ঘাটে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার বেলা ১১টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন তার কার্যালয়ে একটি জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বিআইডব্লিউটিএ প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইউএনও স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকার নির্ধারিত ২৬০ টাকা ভাড়ায় বোট চালাতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই রুট থেকে স্পিডবোট সরিয়ে নিতে হবে। প্রশাসনের অনড় অবস্থানের মুখে শেষ পর্যন্ত ইজারাদার কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় বোট চালাতে সম্মত হয়।

বৈঠক শেষে বুধবার দুপুর ২টায় ইউএনও আমজাদ হোসেনের উপস্থিতিতে গুপ্তছড়া ঘাট থেকে পুনরায় স্পিডবোট চলাচলের উদ্বোধন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন এবং সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জেএইচআর