রাজশাহীর দুর্গাপুরে একটি প্রাইভেট কারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মাহফুজ আহম্মেদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাহফুজ আহম্মেদ দুর্গাপুর উপজেলার গোপিনাথপুর খাঁস খামার গ্রামের মোঃ মাহাবুব রহমানের ছেলে। বুধবার রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম দুর্গাপুরের বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং একজন মৎস্য ব্যবসায়ী। গত ১২ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি জনতা ব্যাংকের দুর্গাপুর শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। টাকাগুলো নিয়ে তিনি বাড়ির নিচতলার গ্যারেজে রাখা নিজের প্রাইভেট কারের ভেতর রেখে দ্বিতীয় তলায় যান। সে সময় তার বাড়িতে নির্মাণকাজ চলছিল।
পরে দুপুর পৌনে ৩টার দিকে নিচে নেমে তিনি দেখেন, গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা এবং ভেতরে রাখা ১২ লাখ টাকা নেই। এই ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই তদন্তে নামে দুর্গাপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে পাচুবাড়ি বাজার এলাকা থেকে মাহফুজকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতর লুকিয়ে রাখা শপিং ব্যাগ থেকে চুরি হওয়া সম্পূর্ণ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে টাকা উদ্ধার হওয়ায় পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
জেএইচআর