টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত দুই ডোজ জলাতঙ্কের (র্যাবিক্স) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, এক মাস বয়সী ফাতিহাকে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার মা মৌ। নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর এই ভ্যাকসিন দেওয়ার কথা ছিল।
তবে তিনি উপস্থিত না থাকায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে (অবসর প্রস্তুতিমূলক ছুটি) থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। কাইয়ুম শিশুটিকে নিয়মিত টিকার বদলে কুকুরের কামড়ের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন প্রদান করেন।
ভুল ভ্যাকসিন দেওয়ার বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন প্রতিবাদ করলে স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম তাদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি নিস্তেজ হয়ে পড়ছে বলে দাবি স্বজনদের। এই ঘটনার জন্য স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে এই ভ্যাকসিনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা পরিবারের সদস্যদের আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি।
ভুল চিকিৎসার এমন ঘটনায় স্থানীয় জনমনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন।
জেএইচআর