চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৫:৪০ পিএম

পাবনার চাটমোহরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে রব্বান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রব্বান আলী মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রব্বান আলী সকাল ১১টার দিকে মহেশপুর বিলের মাঠে নিজের পাটের জমিতে আগাছা পরিষ্কার করতে যান। 

দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে তিনি দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথিমধ্যে মহেশ মাঠ এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ওই ইউনিয়নের প্রশাসক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কৃষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর