সিলেটে চলন্ত ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১২:১৪ এএম

সিলেট থেকে চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে সিলেট স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় পৌঁছালে একটি বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা দৃশ্যমান হলে ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং হুড়োহুড়ি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি বা ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট রেলওয়ে বিভাগ। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

জেএইচআর