ময়মনসিংহের মুক্তাগাছায় বাড়ির তালা কেটে ৩৫ লাখ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া টাকার মধ্যে ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বিরাশি মধ্যপাড়া গ্রামের সৌরভ মিয়া (৩০) এবং একই এলাকার জনি (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মুক্তাগাছার ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার ৩৫ লাখ টাকা বাড়িতে সংরক্ষণ করে রেখেছিলেন। তাঁর বাবা হজ পালনের জন্য সৌদি আরবে থাকায় বাড়িতে মা হাসিনা বেগম একাই বসবাস করছিলেন। গত ১ এপ্রিল সন্ধ্যায় তিনি প্রতিবেশীর বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের তালা কেটে শয়নকক্ষের স্টিলের ট্রাংক ভেঙে নগদ ৩৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আশরাফুল আলম বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী শাহজাহানপুরের একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ কোতোয়ালি থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচের মাটি খুঁড়ে আরও ৩ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ছিনতাই, মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে। ঘটনার পর তারা আত্মগোপনে ছিলেন। আদালতে তাঁদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এএন