গাংনীতে একরাতেই দুই সরকারি অফিসে চুরি

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০২:৩৩ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টার পর থেকে এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় কোনো এক সময় অজ্ঞাত এক ব্যক্তির অবস্থান শনাক্ত হয়েছে। এ ঘটনায় সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার দিনগত মধ্যরাতে গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের দোতলার গ্রিল ভেঙে অজ্ঞাত এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে। অফিসের কয়েকটি দরজা ও আলমারির লক ভেঙে কাগজপত্র তছনছ করে। একইভাবে ভূমি অফিসের একতলা ভবনের পেছনের জানালার গ্রিল ভেঙে আলমারির গুরুত্বপূর্ণ নথি তছনছ করা অবস্থায় দেখতে পেয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার নাঈমা ইসলাম জানান, কোনো কাগজপত্র চুরি হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, চুরির ঘটনাটি দুঃখজনক। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত এক মাসে উপজেলা পরিষদ সীমানার মধ্যে ডরমেটরি, জিমনেশিয়াম, চারটি দোকান, স্থানীয় সাংবাদিকের মোটরসাইকেলসহ তিনটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। তবে অদ্যাবধি কোনো চোর শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এএন