দিনাজপুরের হাকিমপুরে পুলিশি অভিযানে পৃথক মাদক মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭টি মাদক মামলার একজন কুখ্যাত আসামি রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (মামলা নং-১৩) ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- রশিদুল ইসলাম (৩২), মোফাজ্জল হোসেন (৪৭), মাহাবুব আলম (৪৯), শাহিনুর ইসলাম (২৫), কাওসার হোসেন (৪২) ও দিপক সিং (২৮)। এছাড়া অপর একটি মাদক মামলায় (মামলা নং-১২) গ্রেপ্তার করা হয়েছে রাহুল (২২) নামের এক যুবককে।
অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ওরফে শওকতকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। পাশাপাশি বদরগঞ্জ থানার জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তাক আহমেদকেও (৫২) গ্রেপ্তার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৯ আসামিকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ পাহারায় দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জেএইচআর