জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটারা বাজার এলাকায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
ফরিদুল কবীর তালুকদার এমপি’র নির্দেশনায় আয়োজিত এই সভায় প্রধান লক্ষ্য ছিল সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করা। বক্তারা বিশেষ করে বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়া অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ভাটারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম বি রেজা বানুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামান জুয়েল।
বক্তারা বলেন, সমাজকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত সচেতনতা এখন সময়ের দাবি।
ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মুকুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসাইন, সদস্য শাজাহান আকন্দ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আহমেদ, যুবদল নেতা বাচ্চু মিয়া এবং বিএনপি নেতা দুদু মিয়া।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাজ সংস্কারে এমন উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে সভাটি সমাপ্ত হয়।
জেএইচআর