কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘দশ হাজার কাঁঠাল গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মধ্য কুমরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঁঠাল গাছের চারা এবং একটি করে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক পত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যেই এই কর্মসূচি।
গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিনিউ নাও-এর সভাপতি রায়হান আহমেদ, সদস্য উম্মে রুমানা, রাইকা রায়হান এবং গ্রিন ইকো ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক মো. তামাল হোসেন।
বক্তব্য প্রদানকালে সঞ্জয় চৌধুরী বলেন, কুড়িগ্রাম জেলা নদীবেষ্টিত অঞ্চল হওয়ায় এখানে বন্যা ও খরা দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগই বিদ্যমান। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করে পরিবেশের সঙ্গে মানিয়ে চলা এ অঞ্চলের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন করতে গ্রিন ইকো ফাউন্ডেশন এই কার্যক্রম হাতে নিয়েছে এবং এরই মধ্যে ১০ হাজার চারা বিতরণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে গ্রিন ইকো ফাউন্ডেশনের সদস্য আজিজুল ইসলাম, তুলশি চন্দ্র ও আনাস বিন মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এই ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে।
জেএইচআর