ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সাথে এমপি আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৮:১৯ পিএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। দলীয় কার্যক্রমকে গতিশীল ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই বিএনপিকে আরও শক্তিশালী করা সম্ভব।”

এমপি রুমা উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা রাজপথে থেকে গণমানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, যুগ্ম আহ্বায়ক রেজা, পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, নতুন সদস্য সংগ্রহ এবং আগামী দিনের দলীয় কর্মসূচি বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে এবং জনগণের পাশে থাকতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নেতাকর্মীরা বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেএইচআর