ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৯:৩২ পিএম

ফেনী শহরতলীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার বিকেলে লালপোল এলাকায় সোনাগাজী উপজেলা এনসিপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী সূজা উদ্দিন সজিব। তিনি বলেন, “আমরা লালপোল ফ্লাইওভারের দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। যদি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে ফেনীবাসীকে সাথে নিয়ে মহাসড়ক অবরোধের (হাইওয়ে ব্লকেড) মতো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।”

এনসিপি সোনাগাজী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত। জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এনসিপির জেলা সংগঠক মোজাম্মেল হোসেন, সোনাগাজী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবু সাঈদ ওনি, সোনাগাজী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব আকবর হোসেন, নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ। বক্তারা লালপোলে যানজট নিরসন ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত ফ্লাইওভার নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।

জেএইচআর