নাগরপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৫:১৮ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী চিরুনি অভিযানে ৯৬ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। 

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) রাকিব কায়নার শুভ’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তেবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায়। এই টিমে এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান ও কনস্টেবল কামরুল হাসানসহ সংগীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে তেবাড়িয়া বাজারস্থ সেন্টু মিয়ার মুদি দোকানের সামনে থেকে খাষ ঘুণিপাড়া গ্রামের মৃত মিয়াচাঁন মন্ডলের ছেলে আরিফুল ইসলামকে (২৩) ৪৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপর এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আরিফুল দীর্ঘদিন ধরে খাষ ঘুণিপাড়া, তেবাড়িয়া, সলিমাবাদসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল এবং সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে উপজেলার বাড়ীগ্রাম এলাকা থেকে আফজাল মিয়ার ছেলে সুমনকে (৩০) ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর