বাকেরগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৮:৪৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল হালিম হাওলাদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম হাওলাদার ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন (৫২), ভাগিনা মিজানুর রহমান (৪০), কবির সিকদার (৪৭) এবং প্রতিপক্ষের কালাম হাওলাদার (৫৫)। আহত কালাম হাওলাদার পুলিশ হেফাজতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে পাশের চর আউলিয়াপুর গ্রামের কালাম হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে বৃহস্পতিবার সন্ধ্যায় সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দেলোয়ার হোসেন নিজের জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উজ্জ্বল হাওলাদার (৩৫) ও কালাম হাওলাদারকে আটক করে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএইচআর