মধ্যরাতে গাজীপুর রণক্ষেত্র

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৭:৫৪ এএম

তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুরের বোর্ডবাজার এলাকা। 

একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

ঘটনাটি ঘটে ইউনিক ওয়াশ ফ্যাক্টরির সামনে। দিনভর আন্দোলনের পর রাতে মালিকপক্ষ বেতন পরিশোধে অপারগতার কথা জানালে শ্রমিকদের ক্ষোভ তীব্র হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে অভিযোগ উঠেছে, কারখানার ভেতরে থাকা কিছু শ্রমিক মালিকপক্ষের কর্মকর্তা ও কয়েকজন শ্রীলঙ্কান ক্রেতাকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার এবং আটকে পড়াদের মুক্ত করার আহ্বান জানায়।

তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের দাবি, শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে। এছাড়া কারখানার ছাদ থেকে পুলিশের দিকে পানি ছোড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর থমথমে পরিস্থিতির মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গাজীপুর শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান নেন এবং গাছা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যায়।

এএন