রাজশাহীতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের এক হাজারের বেশি নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং উত্তরা অঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। তারা নতুন যোগদানকারীদের দলে বরণ করে নেন।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, যোগদানকারীদের মধ্যে ছিলেন বিএনপির কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও তানোর উপজেলার মুন্ডুমালার বাসিন্দা সাইফুল ইসলাম, রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হকের নেতৃত্বে বড় একটি অংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্যসচিব আতিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
বক্তব্যে মনিরা শারমিন বলেন, ক্ষমতার চেয়ে জনগণই তাদের দলের মূল শক্তি। তিনি দাবি করেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষমতা ছেড়ে জনগণের পাশে এসেছেন এবং সংসদ সদস্য হওয়ার পরও সরকারি গাড়ি ব্যবহার করেননি, যা তাদের প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারের প্রমাণ।
অন্যদিকে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, রাজশাহীর মানুষ অতীতে গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তারা কখনো সন্ত্রাস বা দখলদার রাজনীতিকে সমর্থন দেয়নি। তিনি আরও দাবি করেন, তাদের দল কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।
তিনি আরও মন্তব্য করেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের মিছিল দেখা যাচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতায় যান, তবে তা বড় রাজনৈতিক ভুল হবে এবং ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নাসির উদ্দীন পাটোয়ারী আরও বলেন, রাজনৈতিক অবস্থান বদল হলে তাদের অবস্থানও পরিবর্তিত হতে পারে এবং প্রয়োজনে তারা আলাদা রাজনৈতিক পথে হাঁটতে বাধ্য হবেন।
এম জি