নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৫:৪৮ পিএম

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. মকছেদ হোসেন মানু (৭০)। তিনি মৃত জিয়ারত সরকারের ছেলে। আটক নারী অতেজান বেগম (৬৫) নিহতের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী মকছেদ হোসেনের গলায় ধারালো হাসুয়া দিয়ে আঘাত করেন তার স্ত্রী অতেজান বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করে।

এলাকাবাসীর দাবি, অতেজান বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে পারিবারিক কলহের বিষয়টিও হত্যার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএন