ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মাগুরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাগুরায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়সহ জেলার বিভিন্ন ভূমি অফিসে একযোগে এ মেলা অনুষ্ঠিত হবে।
ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত রেজিস্ট্রেশন সহায়তা, ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
এছাড়াও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মাগুরা জেলা প্রশাসন জেলার সকল নাগরিককে ভূমিসেবা মেলা-২০২৬ এ অংশগ্রহণ করে ডিজিটাল ও আধুনিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা নাগরিক সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এএন