নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় তিনি ভাঙন রোধে দ্রুত জরুরি উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
রোববার দুপুরে হাতিয়া ও সুবর্ণচর এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পরে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
তিনি বলেন, আজকে দেশে একটা নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে যখন যা কিছু করা দরকার সব কিছুর দিকেই তিনি নজর রাখছেন। প্রত্যেকটা দাবির প্রতি তিনি মর্যাদা দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। সেই দিক বিবেচনায় আমরা সব সময় কাজ করে যাচ্ছি। আমাদের সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে প্রত্যেকটা জায়গায় জনগণের পাশে থেকে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি।
মন্ত্রী আরও বলেন, মেঘনা নদীর ভাঙন সরেজমিনে প্রত্যক্ষ করলাম। অনেক বাজার, স্কুল, কলেজ, জমি সবই ভেঙে যাচ্ছে। চোখের সামনে আমরা দেখছি একটা স্কুল ভেঙে পড়েছে। এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি। আমার বিশ্বাস সবাই একসাথে কাজ করলে মানুষ উপকার পাবে।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় নেতারা।
এএন