“স্বাস্থ্যসেবায় যশোরের চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালকে আধুনিক ও সারা দেশের মডেল হিসেবে গড়ে তোলা হবে। হাসপাতাল আমাদের সবার, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই হাসপাতালকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করতে চাই। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এ এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এ হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীরা উন্নত সেবা পাবে।”
রোববার সকালে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালের আধুনিক ডেন্টাল ইউনিটের বর্ধিত কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমির পরিচালনায় বক্তব্য দেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, এনজিও প্রতিনিধি ও যশোর আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, চৌগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী এবং প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর প্রমুখ।
পরে হাসপাতাল সভাকক্ষে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, নতুন ইউনিট চালু এবং ১০০ শয্যায় উন্নীতকরণ কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
সভায় তিনি এমপি হিসেবে প্রাপ্ত সরকারি ভাতার অর্ধেক টাকা চৌগাছা হাসপাতালে এবং বাকি অর্ধেক টাকা ঝিকরগাছা হাসপাতালে অনুদান হিসেবে প্রদানের ঘোষণা দেন। এছাড়া সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সমুদয় বেতন (ভাতা) দুই উপজেলার হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রদান করার কথাও জানান তিনি।
অন্যদিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিচ্ছন্ন রাখা এবং কার্যক্রমে গতি আনতে কমিউনিটি পার্টিসিপেশনের আওতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ব্যক্তিগত উদ্যোগে ৩০ জন স্বেচ্ছাসেবীর বেতন দেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি আই ইউনিট কর্নার চালুর বিষয়ে আদ-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সবশেষে আগামী ১৩ জুন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।
এএন