মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ বাইকাররা। ‘আয়কর সীমার নিচে আয়, বাড়তি করের বোঝা নয়’ এই স্লোগানকে সামনে রেখে রোববার সকাল ১১টায় রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাইকারদের পক্ষে বক্তব্য দেন প্রতিনিধি নূর জাহেদ হোসেন, রঞ্জন তঞ্চঙ্গ্যা, একরামুল হক সুজন ও মো. আরিফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে মোটরসাইকেল কোনো বিলাসিতার বস্তু নয়, বরং এটি সাধারণ ও মধ্যবিত্ত মানুষের যাতায়াতের একটি জরুরি ও নিত্য ব্যবহার্য বাহন। পাহাড়ি জেলা রাঙামাটির ভৌগোলিক কারণে এখানে গণপরিবহনের সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে স্থানীয়দের জন্য মোটরসাইকেল অত্যন্ত অপরিহার্য। এ ছাড়া জেলার বহু বেকার যুবক রাইড শেয়ারিং বা মোটরসাইকেল চালিয়ে তাঁদের জীবিকা নির্বাহ করেন। এই অবস্থায় নতুন করে বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া তাঁদের ওপর একধরনের বড় আঘাত, যা অনেকের আয়ের পথ বন্ধ করে দেবে।
মানববন্ধন থেকে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে এই গণবিরোধী ও বাড়তি করের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। যদি দ্রুত এই কর প্রত্যাহার করা না হয়, তবে রাঙামাটিসহ সারা দেশের বাইকারদের সাথে নিয়ে রাজপথে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
জেএইচআর