ময়মনসিংহের ভালুকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী গ্রামের খন্দকার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম এবং মিতু আক্তারের মালিকানাধীন বাসাবাড়িতে হঠাৎ করেই বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন তীব্র আকার ধারণ করে একে একে সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আশরাফুল ইসলাম জানান, তাঁর বসতবাড়ির ৪টি ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, পরিবারের গহনা, শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেটসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে তাঁদের খাওয়ার মতো এক মুঠো খাবারও অবশিষ্ট নেই। স্থানীয় বাসিন্দা মাহফুজ খন্দকার জানান, হঠাৎ লাগা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আশরাফুল ইসলাম ও মিতু আক্তারের বসতবাড়ির সবকিছু পুড়ে যাওয়ায় পরিবার দুটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যার কারণে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো তদন্ত করা হয়নি।
জেএইচআর