সাজেকের মুশফিক এলাকায় বাঘাইহাট জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৮:৩৫ পিএম

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে এম এ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। সোমবার বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এদিন সাজেক ইউনিয়নের মুশফিক এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি হতদরিদ্র মানুষকে এই সেবা দেওয়া হয়। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বাঘাইহাট জোনের দুই মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও) এবং ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব পারভেজ (আরএমও)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পরিচয় চাকমা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সেনাবাহিনীর বাঘাইহাট জোন নিয়মিত এ ধরনের মানবিক উদ্যোগ নিয়ে আসছে। দুর্গম এলাকার সবাইকে এক জায়গায় এনে সেবা দেওয়া সম্ভব হয় না বলে এর আগেও বাঘাইহাট জোনের আওতাধীন ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলোমিটার, গঙ্গারাম এবং বাঘাইহাট এলাকায় মোবাইল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় সোমবার মুশফিক এলাকায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বাঘাইহাট জোনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণে সেনাবাহিনীর এই ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর