ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৮ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে নোটিশ জারি করে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক সমিতি ও চ্যাংড়াবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ বিষয়ে চিঠি ইতোমধ্যে উভয় দেশের স্থল শুল্ক স্টেশন (কাস্টমস), বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী সংগঠন এবং ভুটান আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, “ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২ জুন থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।”
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) এর সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ঈদের সময় ২৫-৩১ মে (ঈদের দিনসহ) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সব কাস্টমস হাউস ও স্থল শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা থাকবে। সে অনুযায়ী বুড়িমারী বন্দর ও কাস্টমসে কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে। তবে ২ জুন সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এএন