সমালোচনার মুখে নিজেই জুলাই গ্রাফিতি আঁকলেন চট্টগ্রাম সিটি মেয়র

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০১:৪৬ পিএম

নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি ঘিরে টানা দুই দিন ধরে চলা উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ ও রাজনৈতিক কর্মসূচির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সরাসরি উদ্যোগে।

সোমবার রাতে নগর ভবনের সামনে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের পিলারে নিজ হাতে গ্রাফিতি অঙ্কনে অংশ নেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন ও রাজনৈতিক কর্মীরাও সেখানে গ্রাফিতি আঁকার কার্যক্রমে যুক্ত হন।

এর আগে দিনভর ওই এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকার ঘোষণা থাকলেও বিভিন্ন সংগঠন বিকল্পভাবে কর্মসূচি চালানোর চেষ্টা করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

দুপুরের দিকে গ্রাফিতি আঁকার সময় কিছু শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা প্রতিক্রিয়া তৈরি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিকেলে বিভিন্ন সংগঠন সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানায় এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগর সৌন্দর্য রক্ষায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই ওই স্থানে রং ও সংস্কার কাজ চলছে।

রাতের দিকে মেয়রের উপস্থিতিতে পুনরায় গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেখানে নতুন করে সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়। পরবর্তীতে ধীরে ধীরে এলাকা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এএন