সরকারকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি পাটওয়ারীর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

দাবি মানা না হলে দ্রুত সময়ের মধ্যে সরকারকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, দাবি উপেক্ষা করা হলে অল্প সময়ের মধ্যেই সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে। 

মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বর্তমান প্রশাসন দেশ পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তার অভিযোগ, মন্ত্রিসভার অনেকেই জনগণের স্বার্থের বদলে অন্য শক্তির প্রভাব অনুযায়ী কাজ করছেন।

তিস্তা নদীর পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ন্যায্য হিস্যার পানি থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে আপস নয়, প্রয়োজনে কঠোর অবস্থানে যেতে হবে। তার ভাষায়, পানির প্রশ্নে দেশের সব মানুষ এক ও অভিন্ন।

সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় সরকারকে আরও সক্রিয় হতে হবে। এ ধরনের ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে আমঝোল সীমান্তসংলগ্ন খরপো নদীতে মাছ ধরতে গেলে বিএসএফের গুলিতে নিহত হন স্থানীয় বাসিন্দা খাদিমুল ইসলাম। মঙ্গলবার তার পরিবারের খোঁজখবর নিতে সেখানে যান এনসিপির নেতারা।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

এএন