রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৪:৪৭ পিএম

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় ১১তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির বিভিন্ন সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন করা হয়। এ ছাড়া সভায় ট্রেড লাইসেন্স বকেয়াসহ হাল সনের সারচার্জ মওকুফ এবং রাসিকের আওতাধীন বিভিন্ন মার্কেটের বকেয়া ও হাল দোকান ভাড়ার সারচার্জ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে-যান্ত্রিক সার্কেলে অ্যাসফল্ট প্ল্যান্ট কনজুমার সার্ভিস সেন্টার, রেডি মিক্স কংক্রিট প্ল্যান্ট স্থাপনা ও পরিকল্পনা, অ্যাডল্টিসাইড কীটনাশক, নতুন ফগার মেশিন, ব্লিচিং পাউডার ও বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ ক্রয় এবং ড্রেনের কাঁদামাটি উত্তোলনের বিষয়ে আলোচনা হয়। একই সাথে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত সকল রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও ক্যাফেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদাভাবে র‍্যাম্প নির্মাণ ও টয়লেট স্থাপন এবং পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানাসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন- ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুর রহমান, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক মো. হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্যান্সিস আশিষ ডিকস্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপপরিচালক মোহা. আব্দুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাক আহমেদ এবং প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক নুর আখতার জান্নাতুল ফেরদৌস।

এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর