গুরুদাসপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:২৯ পিএম

নাটোরের গুরুদাসপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় গুরুদাসপুর ফায়ার স্টেশনে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়ানো হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ফায়ার স্টেশন পরিদর্শন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের ওপর একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। গুরুদাসপুর ফায়ার স্টেশন অফিসার মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশীদ।

অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যেকোনো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর