ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। তাঁর এই মনোনয়নের খবরে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিনের দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে।
শরিফুল ইসলাম অপুর খেলোয়াড়ি জীবন শুরু হয় ডাক্তারপাড়া ক্লাবের মাধ্যমে। পরবর্তীতে ফেনী সরকারি পাইলট হাই স্কুল ক্রিকেট দলের হয়ে মাঠে নামেন তিনি। ২০০৪ সালে পাইলট হাই স্কুল জাতীয় স্কুল-মাদরাসা ক্রিকেটে চ্যাম্পিয়ন হলে সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ ফেনী জেলা দলের হয়ে ফাস্ট বোলার হিসেবে প্রতিনিধিত্ব করেন এবং একই বছর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগে তাঁর অভিষেক হয়। তবে ২০০৬ সালে সোনাগাজীতে একটি টুর্নামেন্ট চলাকালীন ডান হাত ভেঙে ইনজুরিতে পড়ায় অল্প বয়সেই তাঁর খেলোয়াড়ি জীবন থেমে যায়।
খেলোয়াড়ি জীবন থমকে গেলেও সেই বয়সেই সংগঠক হিসেবে নতুন যাত্রা শুরু করেন অপু। ২০০৯ সালে তিনি ফেনীতে মেধাবী খেলোয়াড় তৈরির লক্ষ্যে ‘ক্রিকেট ইনস্টিটিউট’ নামে একটি একাডেমি গড়ে তোলেন। তাঁর হাত ধরেই ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব ও ক্রিকেট ইনস্টিটিউট থেকে উঠে আসেন জাতীয় দলের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। এ ছাড়া বেশ কয়েকজন খেলোয়াড় বয়সভিত্তিক দলে ফেনীর প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ২০১০ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিবন্ধিত আম্পায়ারের তালিকায়ও যুক্ত হন শরিফুল ইসলাম অপু।
অপুর উদ্যোগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিন বছর ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ‘এফপিএল’ নামের একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা ফেনীর ক্রিকেটে নতুন জাগরণ সৃষ্টি করে। এসব আয়োজনে বর্তমান বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ততকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) ওয়ালীউল্লাহ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের মতো তারকাদের সম্পৃক্ত করে চমক দেখান তিনি।
এফপিএল সংগঠনের মাধ্যমে ২০১১ সালে সারাদেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে স্কুল ক্রিকেট এবং ২০১৪ সালে ‘এফপিএল টি-২০’ টুর্নামেন্টের আয়োজন করেন অপু। এর মধ্যে কিন্ডারগার্টেনের ছোট শিশুদের নিয়ে তাঁর ‘এফপিএল ফিউচার ক্রিকেট উৎসব’ আয়োজনটি ব্যাপক প্রশংসিত হয়, যা অভিভাবকদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ সৃষ্টিতে ভূমিকা রাখে। ২০১০ সাল থেকে দীর্ঘ সময় ধরে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও জেলা ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
ক্রীড়া সংগঠকের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া লেখক হিসেবেও সুপরিচিত শরিফুল ইসলাম অপু। দৈনিক ফেনীর সমাচার-এ ক্রীড়া লেখক হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে তিনি পত্রিকাটির বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় গণমাধ্যমেও তিনি নিয়মিত ক্রীড়া কলাম লেখেন।
নতুন দায়িত্বে মনোনীত হয়ে শরিফুল ইসলাম অপু সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফেনী তথা দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন এবং নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
জেএইচআর