জামায়াত আমির

জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি

মো. মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০২:১২ পিএম

জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রত্যেক কর্মীর নৈতিক দায়িত্ব।”​

শনিবার সকালে বরিশালে বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় (ঢাকা-বরিশাল মহাসড়ক) আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “জনসেবাকে রাজনীতির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে গ্রহণ করতে হবে। মানবিকতা, ন্যায়বিচার ও মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।” 

তিনি আরও যোগ করেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় শক্তি। তাই মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।​ 

ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় পৌঁছালে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা দলীয় আমিরকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এলাকায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।​

পথসভায় উপস্থিত ছিলেন​ বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল।​ কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম।​ কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী।​ 

সংক্ষিপ্ত পথসভা শেষে ডা. শফিকুর রহমান বরিশালের বিভাগীয় সমাবেশের উদ্দেশ্যে রওনা হন।​

এএন