ঘিওরে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ) প্রকাশিত: মে ২১, ২০২৬, ১২:২৭ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে ৪নং ঘিওর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়নের মোট ১ হাজার ২০৫টি দুস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিটি কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

৪নং ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম (টুটুল)-এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘিওর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ, ঘিওর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খন্দকার বনি ইসলাম, ইউপি সদস্য মোশারফ হোসেন, মনোয়ার ভূঁইয়া প্রমুখ।

পবিত্র ঈদের আগে সরকারের এই মানবিক সহায়তা হাতে পেয়ে স্থানীয় উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দের আমেজ দেখা গেছে। চাল বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ ও সঠিক হওয়ায় তারা স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

এএন