রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, নিঃস্ব পরিবার

মো. সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রকাশিত: মে ২১, ২০২৬, ১২:৩৩ পিএম

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়ায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের ঘরবাড়ি মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি একদম নিঃস্ব হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে অবস্থান করে মানবেতর জীবনযাপন করছে।

বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার শিলছড়ি খিয়াং পাড়া গ্রামে অংথইউ খিয়াং-এর ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত অংথইউ-এর পরিবারটি ঝুম চাষের কাজ করে জীবিকা নির্বাহ করত। রাতের বেলায় ঘুমিয়ে পড়ার পর হঠাৎ রান্নাঘরের চুলা থেকে আগুনের লেলিহান শিখা মুহূর্তে সবকিছু কেড়ে নেয়। পরিবারটি সব হারিয়ে এখন নিঃস্ব। তারা খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেনি। হলুদ, ধান, আসবাবপত্রসহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রাজিব খিয়াং জানান। পরিবারটি এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে জীবন রক্ষা করেছে। এলাকাবাসীরা জানান, তাদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হবে।

রাজস্থলী ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, এলাকাটি দুর্গম এবং সড়কপথে গাড়ি চলাচলের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি নেওয়া সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এএন