রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ তিনি এই সম্মাননা অর্জন করেন।
শিক্ষা উন্নয়নে তাঁর দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এই অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বালিয়াকান্দি উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, সমৃদ্ধ ও মানসম্মত করতে তাঁর কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল।
বুধবার রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এই তথ্য জানা যায়।
আদেশে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার আরও বেশ কয়েকজন শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইলিয়াস মিয়া এবং গোয়ালন্দের দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবর আলী এবং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার।
এ ছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন পিপুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম এবং বিশেষ অবদানের জন্য নির্বাচিত হন গঙ্গাপ্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরজিনা খাতুন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যাঁরা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, তাঁদের এই স্বীকৃতি অন্যদেরও অনুপ্রাণিত করবে। একটি শিক্ষাবান্ধব ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে।
এই গৌরবময় অর্জন প্রসঙ্গে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; এটি বালিয়াকান্দি উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”
জেএইচআর